চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ অনুষ্ঠান হয়। তবে একটি মামলায় এক ইউপি সদস্য জেলে ও আরেক ইউপি সদস্য পলাতক থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। আর সদস্যদের শপথ করান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। শপথ নেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া সদরের বাহাদুর শাহ, শিলখালীর নুরুল হোছাইন, বারবাকিয়ার বদিউল আলম, টৈটংয়ের জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামার শরাফত উল্লাহ ও রাজাখালীর ছৈয়দ নূর।
পরে সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়। ৮৪ জন সদস্যের মধ্যে টৈটং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু ওমর ও ৬ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন শপথ নিতে পারেননি। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজি হত্যা মামলার আসামি আবু ওমর জেলহাজতে এবং শাহদাত হোসেন পলাতক রয়েছেন।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন।