চেয়ারম্যান কাটছেন বারবার মন্ত্রী থামিয়েছেন একবার
দিনদুপুরে পাহাড় কাটার অভিযোগ শুনে তিন বছর আগে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ ছুটে যান চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকায়। মন্ত্রীর সামনে তখন পাহাড় কাটছিলেন শ্রমিকেরা। তাৎক্ষণিকভাবে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে পুলিশ। মন্ত্রীর নির্দেশে মামলাও হয়। তবু থামেনি পাহাড় কাটা। তিন বছরের মাথায় একই স্থানে আড়াই একর পাহাড় কেটে বাড়ি ও প্লট নির্মাণ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে অপরূপা হাউজিং সোসাইটি। পাহাড় কাটার এ অভিযোগ ফটিকছড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলমের বিরুদ্ধে। তিনি এই আবাসন সোসাইটির সভাপতি বলে জানা গেছে।২০০৯ সালে পাহাড় কাটা হয়েছিল ‘প্রস্তাবিত মসজিদের কাজ চলছে’ সাইনবোর্ড লাগিয়ে। একতলাবিশিষ্ট ওই মসজিদ ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে। নাম দেওয়া হয়েছে বায়তুল আমান জামে মসজিদ। পাহাড়ি এলাকার এই ভূমি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দিন পরপর মারামারিও চলছে। ফটিকছড়ি উপজেলার পাইংদং ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার আলমের নেতৃত্বে এই পাহাড় কাটা হয় বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি মূলত ছিল সেনা কর্মকর্তা সোলায়মান ও হামিদুর রহমানের। কিন্তু যখন পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটা নিয়ে ঝামেলা করছিল তখন আমার কাছে কিছু বিক্রি করে। পরে আস্তে আস্তে আমরা দুই একর ভূমি উন্নয়ন করি। আরও এক একর বাকি রয়েছে। এখন সেখানে আমাদের ১২টির মতো প্লট রয়েছে। ওই এলাকাটি অপরূপা হাউজিং নামকরণ করেছি।’ বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসিন্দারা জানান, ২০০৭ সাল থেকে এখানে পাহাড় কাটা শুরু হয়। হাছান মাহমুদ ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে মামলা করার নির্দেশ দিয়েছিলেন। ওই সময় ঘটনাস্থল থেকে পাহাড় কাটার সরঞ্জাম ও মাটি সরানোর কাজে ব্যবহূত দুটি ঠেলাগাড়ি জব্দ করা হয়েছিল। এরপর অধিদপ্তরের পরিদর্শক আবদুর রাজ্জাক বাদী হয়ে ওই মামলাটি করেছিলেন। মামলাটি এখনো বিচারাধীন। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, ‘এটা নিয়ে আমাদের মামলা ছিল। মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছিল। এরপর গত দুই মাস আগে আমরা সরোয়ার আলমকে নোটিশ দিয়েছি। পাহাড়ি জমিতে (সিডিএ) বাড়ি নির্মাণের অনুমতি দিলে আমরা সমস্যায় পড়ে যাই।’ সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ২০০৯ সালের পরও এখানে পাহাড় কাটা বন্ধ হয়নি। এখন পাহাড় কাটা হয় রাতের বেলায়। পাহাড় কাটতে কাটতে আরও পেছনে চলে যায়। পাহাড়ের পাদদেশে কয়েকটি বস্তিঘর তোলা হয়েছে। এর পাশে সেমিপাকা একতলা ঘর করে ভাড়া দেওয়া হয়েছে। হারুন নামের এক বাসিন্দা বলেন, ‘আমি দুই মাস আগে এখানে বাসা ভাড়া নিয়েছি। আমি ভাড়া দিই এখানকার কেয়ারটেকারকে।’ কিন্তু তিনি কেয়ারটেকারের নাম জানাতে অস্বীকৃতি জানান। একই জায়গা নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে সরোয়ারের দ্বন্দ্বও চলছে বলে জানা গেছে। এ কারণে কয়েক দিন পরপর দুই পক্ষের মধ্যে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।সরোয়ার আলম বলেন, ‘আমার জমির আয়তন তিন একর। এর মধ্যে দুই একর উন্নয়ন করেছি। বাকি এক একর পাহাড় এখনো ওই অবস্থায় রয়েছে। আমার কাছ থেকে অনেকে প্লট কিনেছেন। তাঁরা হয়তো এখন পাহাড় কাটতে পারেন। তবে আমাকে অধিদপ্তর থেকে একটি নোটিশ দেওয়া হয়।’ সরোয়ার আলম সেখানে ঘর তুলে ভাড়া দেওয়ার কথাও স্বীকার করেছেন। সেমিপাকা ঘর তুলে ভাড়া দিলেও ওই জন্য সিডিএর কোনো অনুমোদন নেননি তিনি।