পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে চেয়ারম্যান হিসেবে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পুনর্নিয়োগের প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।মিছিলটি মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে শুরু হয়ে চেঙ্গী স্কয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা সভাপতি নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা, সাংস্কৃতিক সম্পাদক অংকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক চন্দনী চাকমা।সমাবেশে বক্তারা বলেন, একতরফা ও অগণতান্ত্রিক কার্যক্রমের জন্য বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছেন। একজন বিতর্কিত ও অবাঞ্ছিত ব্যক্তিকে পুনরায় ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলে সরকার পার্বত্য ভূমি সমস্যাকে আরও জটিল করে তুলবে। এ ছাড়া একই দাবিতে জেলার পানছড়ি ও দীঘিনালা উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ, যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর মেয়াদ আজ শেষ হয়েছে। ২০০৯ সালের ২০ জুলাই তিনি চেয়ারম্যান পদে যোগদান করেন। কমিশন আইন অনুয়ায়ী সরকার চেয়ারম্যানকে তিন বছরের জন্য নিয়োগ দেয়। সংবাদমাধ্যমে ভূমি কমিশনের চেয়ারম্যান পদে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী পুনর্নিয়োগ পাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর পাহাড়ের বিভিন্ন সংগঠন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।