চেয়ারম্যান-চৌকিদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও চৌকিদারের (গ্রাম পুলিশ) বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে ওই দুজনকে আসামি করে নীলফামারীর সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি চৌকিদার জাহাঙ্গীর আলমকে (৩৭) গতকাল রোববার গ্রেপ্তার করেছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের চৌকিদার জাহাঙ্গীর আলমের (৩৭) সঙ্গে তাঁর স্ত্রীর বছর খানেক আগে বিচ্ছেদ হয়। তবে তাঁদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটি অসুস্থ হয়ে পড়ায় ওই নারী গত শুক্রবার রাত আটটার দিকে তার জন্য ওষুধ কিনতে কামারপুকুর বাজারে যান। এ সময় চৌকিদার জাহাঙ্গীর তাঁকে দেখতে পেয়ে ধরে ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই নারী রাতেই বাড়ি ফিরে তাঁর মা-বাবাকে বিষয়টি জানান। এরপর তিনি বিচার চেয়ে বিষয়টি মুঠোফোনে ইউপি চেয়ারম্যান জিকো আহমেদকে (৩০) অবহিত করেন।ওই নারীর ভাষ্য, অভিযোগ শুনে চেয়ারম্যান তাঁকে পরিষদে যেতে বলেন। পরে সেখান থেকে তাঁকে চেয়ারম্যানের মালিকানাধীন সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে নেওয়া হয়। এরপর তাঁকে বলা হয় পরদিন (শনিবার) ধর্ষণের বিষয়টি নিয়ে সালিস করা হবে। কিন্তু ওই রাতেই চেয়ারম্যান হোটেলের কক্ষে দুই দফায় তাঁকে ধর্ষণ করেন। এ ব্যাপারে চেয়ারম্যান জিকো আহমেদ বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্রমূলক। আমাকে সমাজে হেয় করতে প্রতিপক্ষের লোকজন ওই ঘটনাটি সাজিয়েছে। চৌকিদার জাহাঙ্গীর সম্পর্কে ওই নারী আমার কাছে অভিযোগ করেন। এ নিয়ে আমি সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করব বলে ওই নারীকে জানাই।’ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শনিবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে চৌকিদার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। অভিযোগকারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।