হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা দুটি মামলার শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিনসহ মোট ২৭ জনকে আসামি করে গত ৪ অক্টোবর রমনা থানায় ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। জেসমিনের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুদক গতকাল জেসমিনকে হাজির করে রমনা থানার ৮ ও ৯ নম্বর মামলায় সাত দিন করে মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। তবে বিচারক চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৯ অক্টোবর রমনা থানার ১০ নম্বর মামলায় জেসমিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।অন্যদিকে একই থানার ১২ নম্বর মামলায় গত ৬ নভেম্বর তানভীর মাহমুদ, হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমানকে আট দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামিদের জামিনের আবেদন শুনানির দিন ধার্য ছিল। তবে তাঁদের আইনজীবীরা শুনানি মুলতবি করে সময় চেয়ে আবেদন করেন। এ বিষয়ে বিচারক কোনো আদেশ দেননি।