চেয়ারম্যান তৌহিদুলের বরখাস্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার এ ঘোষণার একটি অনুলিপি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এসে পৌঁছায়।
১১ ফেব্রুয়ারি ধুনটের ইউএনওর কাছে পাঠানো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যান তৌহিদুলকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
পুলিশ ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের সময় উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে নাশকতাসহ ধুনট থানায় মোট পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে করা একটি মামলায় তৌহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তারপরই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান তৌহিদুল ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের আপিল বিভাগে মামলা করেন। হাইকোর্টের আপিল বিভাগ শুনানি শেষে মামলাটি তিন মাসের জন্য স্থগিত করেন।
ধুনটের ইউএনও হাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে বহিষ্কার আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশের অনুলিপি গতকাল দুপুরে এসে পৌঁছেছে।