ভোলার রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আদালতের রায়ে নিজেকে চেয়ারম্যান দাবি করে গত বৃহস্পতিবার বিজয় মিছিল করেছেন। বর্তমান চেয়ারম্যান এ মিছিলকে বিভ্রান্তিকর দাবি করে পরদিন শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন।
আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান বলেন, ভোট পুনর্গণনার পর আদালত তাঁর পক্ষে মৌখিক রায় প্রকাশ করেছেন। রায়ের কপি তিনি এখনো হাতে পাননি, তবে পেয়ে যাবেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ বিজয় মিছিল করতে পারেন না। নিজেকে চেয়ারম্যানও দাবি করতে পারবেন না।
এদিকে শুক্রবার বিকেল চারটার দিকে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রাজাপুর ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। সেখানে তিনি বলেন, ৩১ মার্চ রাজাপুর ইউপিতে ভোট হয়। এতে ১৬৫ ভোট বেশি পেয়ে তিনি জয়ী হন। ২৪ এপ্রিল নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। ১৯ মে তিনি শপথ নেন। মিজানুর রহমান ৬ নম্বর ওয়ার্ডে আবার ভোট গ্রহণ এবং ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
গত মঙ্গলবার জেলা সহকারী জজ আদালত ওই তিনটি ওয়ার্ডে ভোট গণনার আদেশ দেন। ওই দিনই তিনি এ আদেশ বাতিলের জন্য আপিল করেন। আপিলটি গ্রহণ করা হয়। এরপরও বৃহস্পতিবার ভোট গণনা হয়। কিন্তু লিখিত রায় প্রকাশ হয়নি। প্রকাশ হলে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। যদি সেখানে হেরে যান, তখন নির্বাচন কমিশন মিজানুরের পক্ষে গেজেট প্রকাশ করবে। তার আগেই মিজানুর রহমান জনগণকে বিভ্রান্ত করার জন্য বিজয় মিছিল করে নিজেকে চেয়ারম্যান দাবি করছেন। এটা তাঁর জন্য মানহানিকর। তিনি এর প্রতিকার দাবি করেন।