চেয়ারম্যান নেই দুই মাস ইউপি কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়ন পরিষদে প্রায় দুই মাস ধরে চেয়ারম্যান নেই। এতে ইউপির কার্যক্রম বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন ইউনিয়নবাসী।
গত ৫ আগস্ট ইউপি চেয়ারম্যান আলী আশরাফ পাটোয়ারীর পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ মে ইউপি চেয়ারম্যান আলী আশরাফ পাটোয়ারীর বিরুদ্ধে পরিষদের নয়জন সদস্য ইউএনওর কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দেন। এর আগে ৭ এপ্রিল ইউএনওর কার্যালয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগও করেন তাঁরা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত ও অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় পদ শূন্য ঘোষণা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই ইউপির একজন সদস্য বলেন, চেয়ারম্যান না থাকায় এই ইউনিয়নের সব কাজ বন্ধ।
ইউএনও ফারহানা ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্যানেল চেয়ারম্যান তৈরি করেন। কিন্তু ওই চেয়ারম্যান তা করেননি। প্যানেল চেয়ারম্যান দেওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।