সুনামগঞ্জের ধরমপাশায় বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল জাতীয় পতাকা উত্তোলন করলে সে অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
গত সোমবার বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্তের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে দেওয়া হয়েছে। সভায় উপস্থিত কয়েকজন জনপ্রতিনিধি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সভার শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলন করবেন—এ প্রসঙ্গ এলে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে ওই অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকেরাও এ ঘোষণা সঙ্গে একাত্মতা পোষণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন তালুকদার জানান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক—কেউই চেয়ারম্যানের অশুভ আচরণ থেকে রেহাই পাননি। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে নানাভাবে সরকারি ও বেসরকারি সংস্থার টাকা লুটপাট করছেন। মুক্তিযোদ্ধাদের তিনি অসমঞ্চানের চোখে দেখেন এবং যেকোনো ভালো কাজে তাঁর সহযোগিতা পাওয়া যায় না।
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী জানান, উপজেলা চেয়ারম্যানের মতো দুর্নীতিবাজ লোক জাতীয় পতাকা উত্তোলন করলে পতাকাকে অবমাননা করা হবে।
তবে ইউএনও মো. খালেদুর রহমান জানান, বিজয় দিবসে জাতীয় পতাকা কে উত্তোলন করবেন, এ নিয়ে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে আবদুল আউয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।