চেয়ারম্যান পদ নিয়ে আ.লীগে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা মো. আবদুচ ছালামের দুই বছর মেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার। এ পদে তাঁকে আবার নিয়োগ দেওয়া ও না দেওয়া নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে চলছে জোর তদবির। জানা গেছে, দলের নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তাঁর অনুসারীরা ছালামের মেয়াদ বাড়ানোর বিপক্ষে। তাঁরা চান, নিজেদের পক্ষের কাউকে এ দায়িত্ব দেওয়া হোক। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, সাংসদ নুরুল ইসলাম বিএসসিসহ মহিউদ্দিনবিরোধীরা ছালামের পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চউকের চেয়ারম্যান পদটি চট্টগ্রামে আওয়ামী লীগের দ্বন্দ্বে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।মহিউদ্দিনের অনুসারী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, আবদুচ ছালাম এখন আওয়ামী লীগের কেউ নন। কারণ পর পর তিনটি দলীয় বৈঠকে অনুপস্থিত থাকায় তাঁর সদস্যপদ আপনা-আপনি চলে গেছে। বিষয়টি তাঁকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘চউকের চেয়ারম্যানের পদে থেকে তিনি নিজেকে অনেক বেশি শক্তিশালী ভাবতে শুরু করেছেন। ওই পদে বসে দলের ওপর ছড়ি ঘোরাবেন, তা আমরা হতে দেব না। চউক চেয়ারম্যান পদে এমন একজনকে চাই, দলের ইশতেহারের প্রতি যিনি অনুগত।’প্রশাসন সূত্রে জানা গেছে, ছালামের প্রতিপক্ষের তদবিরের কারণে রশীদ আহমদ চৌধুরী নামে চট্টগ্রামের একজন প্রকৌশলীকে চউকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে ফাইল গেছে। ওই সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সফরসঙ্গী হিসেবে ছালাম কুয়েতে ছিলেন। সেখানে ছালাম বিষয়টি রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি দেশে ফিরে আসার পর রশীদ আহমদের নিয়োগের ফাইলের অগ্রগতি থেমে যায়। আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলব না, সবকিছু প্রধানমন্ত্রী দেখবেন।’ প্রসঙ্গত, প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রপতির কোটায়। বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে আবদুচ ছালামের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দলের স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে। আবার ছালামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, চউকের চেয়ারম্যানের পদটি একটি চাকরি। অতীতে এ পদে বসে চেয়ারম্যানরা রুটিন কাজ করেছেন। কারণ তাঁদের সীমাবদ্ধতা ছিল। এ চেয়ারে বসেও যে রুটিন কাজের বাইরে অনেক কাজ করা যায়, সেটি আবদুচ ছালাম দেখিয়ে দিয়েছেন। তাঁর কর্মকাণ্ড জনগণের প্রশংসা পেয়েছে। তিনি উড়ালপথসহ অনেক প্রকল্প শুরু করেছেন। এসব প্রকল্পের কাজ শেষ হলে সুফল পাবে আওয়ামী লীগ। চউকের চেয়ারম্যান পদে থাকা না-থাকা ছালামের রাজনীতির জন্য কোনো সমস্যা নয়। চউক সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ এপ্রিল সরকার দুই বছরের জন্য ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও রাজনীতিবিদ ছালামকে চউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। মহিউদ্দিনের অনুসারীরা গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও মন্ত্রী আফছারুল আমীন, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী এবং কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ দেন। ওই নোটিশের জবাব না দিয়ে তাঁরা উল্টো মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হককে দল থেকে বহিষ্কার করেন। গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সার্কিট হাউসে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন।ইনামুল হক চউকের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘শুনছি, চউক কেবলই প্রকল্প নিচ্ছে। এগুলোর বাস্তবায়ন নেই। এসব বলতে গেলে তো ব্যর্থতার ছিটা নিজেদের গায়েই লাগে।’ছালাম বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। তা বাধাগ্রস্ত হলে আবার শূন্য থেকে শুরু করতে হয়। তাই উন্নয়নের গতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন। নিজ দলের একাংশের বিরোধিতা সম্পর্কে তিনি বলেন, ‘ব্যক্তির সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে। এসব দ্বন্দ্ব সত্ত্বেও উন্নয়নকাজ করা যায়। আমি গত দুই বছরে সেটা প্রমাণ করেছি।’