মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অতীতে অপহরণ, খুন এবং অস্ত্র আইনে মামলা ছিল।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান, বিএনপি-সমর্থিত মোরাদ আলী এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে জেলা কৃষক লীগের সভাপতি ওয়াসিম সাজ্জাদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি এই উপজেলা পরিষদের নির্বাচন হবে।
প্রার্থীদের হলফনামায় দেখা গেছে, মোকলেছুর রহমানের বিরুদ্ধে অতীতে অপহরণ, খুন এবং অস্ত্র আইনে মামলা ছিল। মোরাদ আলীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং হত্যার অভিযোগে দুটি মামলা বিচারাধীন। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে দুটি হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে একটি মামলা ছিল। ওই সব মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। ওয়াসিম সাজ্জাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি মামলা বিচারাধীন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা এবং বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা ছিল। এ দুটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।