চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সুজনের তথ্য
চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রায় ৬০ শতাংশ ব্যবসায়ী
চতুর্থ ধাপে ২৩ মার্চ অনুষ্ঠেয় ৯২টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ৫৯ দশমিক ৬৩ শতাংশের (২২৬ জন) পেশা ব্যবসা। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ২৯ দশমিক ৮১ শতাংশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত তথ্য তুলে ধরেন সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের জমা দেওয়া হলফনামার ভিত্তিতে এসব তথ্য নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান উপজেলা পরিষদ নির্বাচনে ধাপে ধাপে সহিংসতার মাত্রা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা না নেওয়াকে দায়ী করে বলেন, ‘হতে পারে নির্বাচন কমিশন গা ছেড়ে দিয়েছে, না হয় নির্বাচন কমিশনকে ব্যবস্থা না নিতে বাধ্য করা হয়েছে।’
তাহলে কি নির্বাচন কমিশন ব্যর্থ—একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন বলেন, ব্যর্থ অবশ্যই বলা যায়। কারণ, দায়দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই বর্তায়।
এ সময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘মনে হয়, নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী মনে হয় তাদের নির্দেশ মানছে না।’ সংবাদ সম্মেলনে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরও বক্তব্য দেন।
চতুর্থ ধাপে ৯২টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৭ জন। তাঁদের মধ্যে ৩৭৯ জনের তথ্য পেয়েছে সুজন। সুজন বলেছে, এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই ৩৭৯ জনের মধ্যে বর্তমানে মামলা রয়েছে ১১৩ জনের বিরুদ্ধে। এর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা আছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চেয়ারম্যান পদপ্রার্থীদের ৬২ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। ২০০ জনের (৫২ দশমিক ৭৭ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। বাকিদের মধ্যে ৩৪ জন এসএসসি ও ৭৫ জন এইচএসসি পাস। আটজনের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ২২৬ জনের পেশা ব্যবসা, ৫৭ জনের কৃষি, ৪৮ জনের চাকরি, ১৯ জনের আইন, দুজন গৃহিণী এবং ১১ জন অন্যান্য পেশায় জড়িত। ১৬ জনের পেশা উল্লেখ নেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ২৫৪ জনের (৬৭ দশমিক শূন্য ২ শতাংশ) বার্ষিক আয় পাঁচ লাখ টাকা বা তার নিচে। বার্ষিক এক কোটি টাকার বেশি আয় করেন পাঁচজন।
প্রার্থী ও তাঁর ওপর নির্ভরশীলদের সম্পদের যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, ৫৩ জন কোটিপতি। ৬৩ জন ঋণগ্রহীতা এবং আয়কর দেন ১৭৮ জন।