চেয়ারম্যান পদপ্রার্থীদের ৩০ শতাংশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ধাপে ১৫ মার্চ অনুষ্ঠেয় ৮৩টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ৩০ দশমিক ০২ শতাংশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আছে। চেয়ারম্যান পদপ্রার্থীদের অর্ধেকেরও বেশি (৫২ দশমিক ৪২ শতাংশ) পেশায় ব্যবসায়ী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত তথ্যগুলো তুলে ধরেন সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক। প্রার্থীদের দেওয়া হলফনামার ভিত্তিতে এসব তথ্য তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় ধাপে ৮৩টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩৪ জন। এর মধ্যে ৩৯৩ জনের তথ্য পেয়েছে সুজন। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এসব প্রার্থীর মধ্যে বর্তমানে মামলা রয়েছে ১১৮ জনের বিরুদ্ধে (৩০ দশমিক ০২ শতাংশ)। এর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) মামলা আছে। ১১৬ জনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। অতীতে মামলা ছিল এবং বর্তমানেও আছে এমন প্রার্থী ৫৩ জন।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ২০৬ জনের পেশা ব্যবসা (৫২ দশমিক ৪২ শতাংশ), ৭৬ জনের কৃষি, ৩৯ জনের চাকরি, ২৩ জনের আইন, পাঁচজন গৃহিণী ও ১৮ জন অন্যান্য পেশায় জড়িত। ২৬ জনের পেশা উল্লেখ নেই।
চেয়ারম্যান পদপ্রার্থীদের ২১০ জনের (৫০ দশমিক ৪৪ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, ৫৩ জন এসএসসি, ৪৮ জন এইচএসসি এবং ৭৮ জনের এসএসসির নিচে। চারজনের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ২৭৮ জনের (৭০ দশমিক ৭৪ শতাংশ) বার্ষিক আয় পাঁচ লাখ টাকা বা তার নিচে। বার্ষিক এক কোটি টাকার বেশি আয় করেন দুজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থী ও তাঁর ওপর নির্ভরশীলদের সম্পদের যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, ৫০ জন কোটিপতি। অনেক প্রার্থীই সম্পদের মূল্য উল্লেখ না করায় আর্থিক মূল্যে সম্পদের প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ৫৪ জন ঋণগ্রহীতা। আয়কর দেন ১৪৮ জন।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের হলফনামাবিষয়ক এক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘মন্ত্রীর এ ধরনের বক্তব্য দুর্নীতি ও দুর্বৃত্তায়িত রাজনীতির প্রতি আত্মসমপর্ণের শামিল। আশা করি, ক্ষমতাসীন দল প্রার্থীদের হলফনামা বন্ধের উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকবে।’ একই সঙ্গে তিনি উপজেলা নির্বাচন দলীয়ভাবে করার উদ্যোগ না নেওয়ারও অনুরোধ জানান।
সম্প্রতি সৈয়দ আশরাফ প্রার্থীদের হলফনামাকে রাজনীতিবিদদের চরিত্র হনননামা বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুজনের কোষাধ্যক্ষ আবদুল হক, জাতীয় কমিটির সদস্য নাজমা হাসিন প্রমুখ।