চেয়ারম্যান পদে আ.লীগ-বিএনপির একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, সদর উপজেলা পরিষদ নির্বাচন ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলী।
কার্যালয় থেকে আরও জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির চার নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাঁরা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম। এ পদে জাতীয় পার্টির (এরশাদ) একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস উদ্দিন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বায়েজিদ হাসান, যুবলীগের নেতা বেলায়েত হোসেন, মুছা মিয়া ও বিদায়ী ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, যুবদল নেতা শফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির (মঞ্জু) শেরপুর জেলা শাখার সভাপতি আবদুর রশিদ বিএসসি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শামীম আরা বেগম এবং বিএনপির আয়েশা আক্তার ও সুলতানা রাজিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ১৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চতুর্থ পর্যায়ে গত ২৩ মার্চ সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নির্ধারণ ও ভোটার তালিকাসংক্রান্ত আইনি জটিলতায় এত দিন আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত ছিল।