চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিএনপির নেই নারী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো নারী প্রার্থী দেয়নি বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। তিনটি ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েও পাননি তিনজন। তাঁরা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর না পাওয়ার আশঙ্কায় আওয়ামী লীগের তিনজন ও বিএনপির একজন নারী দলীয় মনোনয়ন চাননি। তাঁরা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ অনুষ্ঠেয় জেলার ৭৮টি ইউপির নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত কোনো নারী প্রার্থী নেই। এর মধ্যে কলারোয়া উপজেলার জয়নগর ইউপিতে বিশাখা সাহা, মনিরা খাতুন ও তালা উপজেলার খেসরা ইউপিতে মুর্শিদা পারভিন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তৃণমূল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। তাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ছাড়া শ্যামনগরের কৈখালী ইউপিতে শাহানারা খাতুন, আশাশুনির বুধহাটা ইউপিতে শরিফা খাতুন, শোভনালী ইউপিতে পান্না কায়সার ও কলারোয়ার দিয়াড়া ইউপিতে নাজমা পারভিন প্রার্থী হয়েছেন। এর মধ্যে প্রথম তিনজন আওয়ামী লীগের রাজনীতি করলেও মনোনয়ন চাননি। আর নাজমা বিএনপির রাজনীতি করেন। তিনিও মনোনয়ন চাননি।
বিশাখা সাহা বলেন, তাঁর শ্বশুর ও স্বামী জনপ্রতিনিধি ছিলেন কয়েক যুগ। স্বামী কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্বামী তপন কুমার সাহার রেখে যাওয়া কাজের পাশাপাশি এলাকার নারী উন্নয়নের লক্ষ্যে তিনি ভোটে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ভোট স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। হলে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতেন। একই ধরনের অভিযোগ করেন আরেক বিদ্রোহী প্রার্থী মনিরা খাতুন।
দিয়াড়া ইউপির প্রার্থী নাজমা পারভিন বলেন, তাঁর স্বামী এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম হোসেন বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তাঁর সমর্থনে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু তাঁর স্বামীকে মনোনয়ন জমা দিতে দেননি প্রতিপক্ষের লোকজন। এখন তিনিই নির্বাচনে লড়ছেন। কিন্তু তিনি দলীয় প্রতীক (ধানের শীষ) পাননি।
কৈখালী ইউপির শাহানারা খাতুন আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না ভেবে মনোনয়ন চাননি। তিনি বলেন, ওই ইউপি চরম অবহেলিত। কোথাও উন্নয়ন চোখে পড়ে না। এলাকার উন্নয়নের পাশাপাশি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আসার জন্য তিনি ভোটে দাঁড়িয়েছেন।
আশাশুনি উপজেলার শোভনালী ইউপির পান্না কায়সার বলেন, তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি। নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে বলেন, তিনি জানতেন যে পদ্ধতিতে তৃণমূল পর্যায়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে, তাতে নারীদের দলীয় মনোনয়ন পাওয়া প্রায় অসম্ভব। নারী উন্নয়নের জন্য তাঁকে ভোটে আসতে হয়েছে। একই ধরনের কথা বলেন বুধহাটা ইউপির শরিফা খাতুন।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, তৃণমূল যেভাবে প্রার্থী দিয়েছে, তাঁরা সেভাবে ঢাকায় পাঠিয়েছেন। একই ধরনের কথা বলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক বলেন, কৈখালী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে শাহানারা খাতুন প্রার্থী হয়েছেন কি না, তা তিনি জানেন না। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, শোভনালীতে পান্না কায়সার ও বুধহাটায় শরিফা খাতুন আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন কি না, তা তিনি জানেন না।
বিএনপির সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, তাঁদের কাছে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে কোনো নারী আবেদন করেননি।