চেয়ারম্যান পদে চার পুরুষ প্রার্থীর সঙ্গে এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন পুরুষ প্রার্থীর সঙ্গে মনি চাকমা নামের এক নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির ১০টি উপজেলা থেকে কোনো নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
গত সোমবার বরকল উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের বাছাই সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ১৫ মার্চ। মনি চাকমা বলেন, তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থনে নির্বাচন করছেন। তিনি দীর্ঘদিন ধরে জনসংহতি সমিতির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
মনি চাকমা বলেন, ‘আর্থসামাজিক ও নারী উন্নয়নে কাজ করতে গিয়ে নারীর পাশাপাশি অনেক পুরুষের সহযোগিতা পেয়েছি। সবার উৎসাহ ও অনুপ্রেরণায় আমার কাজের পরিধি বাড়াতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত ও বর্তমান চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, বিএনপি-সমর্থিত কমল জ্যোতি চাকমা, স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন বিহারী রঞ্জন চাকমা ও মনোজ চাকমা।