চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
চেয়ারম্যান পদে ছালামের মেয়াদ এক বছর বৃদ্ধি, পাল্টাপাল্টি কর্মসূচি
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে আবদুচ ছালামের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বুধবার থেকে এটি কার্যকর হবে। এদিকে চউক চেয়ারম্যান আবদুচ ছালামের পক্ষে-বিপক্ষে সমাবেশ হয়েছে।
আবদুচ ছালাম টানা চতুর্থবারের মতো চউক চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। ২০০৯ সালের এপ্রিলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে দুই বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এরপর আরও দুবার তাঁর মেয়াদ বাড়ানো হয়।
এদিকে চট্টগ্রাম নগর শ্রমিক লীগ চউক চেয়ারম্যান আবদুচ ছালামকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে চউক ভবনের প্রবেশদ্বারে এসব কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে চউক চেয়ারম্যানের সমর্থনে ভবন চত্বরে সমাবেশে করেছে চউক কর্মচারী লীগের একাংশ। এ সময় উভয় পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগর শ্রমিক লীগের সমাবেশে বক্তারা বলেন, চউক চেয়ারম্যানের পদ থেকে আবদুচ ছালামকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। না হলে লালদীঘি ময়দানে সমাবেশ ও বৃহত্তর চট্টগ্রামে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
বক্তারা চউক কর্মচারী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের চাকরিচ্যুতি ও ১০ নেতার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী, চউক কর্মচারী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
আবদুচ ছালামের সর্মথনে চউক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চউক চেয়ারম্যানের নেতৃত্বে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা হয়েছে। তাঁর আমলে যে পরিমাণ উন্নয়নকাজ হয়েছে, তা আগে কখনো হয়নি। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চউক অ্যামপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আবসার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুবীর বড়ুয়া।