চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে আবদুচ ছালামের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় এই পদে তাঁকে নিয়োগ দেওয়া হলো।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুস সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সিডিএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামকে আগের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি হাতে পেয়েছি। আমার চতুর্থ দফার মেয়াদ ২২ এপ্রিল শেষ হবে। এরপর পঞ্চম দফা মেয়াদের দায়িত্ব পালন শুরু করব।’
আবদুচ ছালামকে সিডিএর চেয়ারম্যান পদে ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য, ২০১১ সালের ২৬ এপ্রিল দুই বছরের জন্য, ২০১৩ সালের ১৯ মার্চ এক বছরের জন্য এবং ২০১৪ সালের ২২ এপ্রিল চতুর্থ দফায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।