চেয়ারম্যান পদে দুই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছিন আখতার ও কামরুন নাহার
হাছিন আখতার ও কামরুন নাহার

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাছিন আখতার চৌধুরী। এদিকে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউপিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার ইরা।
হাছিন আখতার বদরগঞ্জের বিষ্ণুপুর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন। ২৮ মে এখানে ভোট। কামরুন নাহার সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউপিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী। এখানে ভোট আগামী ৪ জুন। বিষ্ণুপুরে আরও দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাশিরাম বেলপুকুরে রয়েছেন আরও সাত প্রার্থী।
বিষ্ণুপুরের লোকজন বলেন, হাছিন আখতারের স্বামী আসাদুজ্জামান চৌধুরী বিষ্ণুপুর ইউপিতে তিনবার চেয়ারম্যান ছিলেন। গত সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের আগে চেয়ারম্যান পদ ত্যাগ করেন। এরপর সেখান থেকে চেয়ারম্যান হন তাঁর বড় ভাই সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরীর ছেলে টুটুল চৌধুরী।
কচুয়া গ্রামের ভোটার শিরিন আখতার বলেন, ‘বাহে, জেবনে বহুত ভোট দিছি পুরুষোক। এবার মহিলাক ভোট দিয়া দেকমো তাঁয় কেমন করে।’
হাছিন আখতার চৌধুরী বলেন, ‘যেখানে যাচ্ছি, সেখানেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।’
এদিকে ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার বলেন, ‘কামরুন নাহার দলের উপজেলা শাখার সদস্য। জেলা নারী মুক্তি সংসদের আহ্বায়ক তিনি। কাশিরাম বেলপুকুর ইউনিয়নেই ওই সংগঠনের সাড়ে পাঁচ হাজার কর্মী আছেন। এত বিশাল সাংগঠনিক শক্তি কোনো প্রার্থীর পক্ষে নেই। ফলে নির্বাচনে আমরা ইতিবাচক ফল আশা করছি।’
কামরুন নাহারের প্রধান নির্বাচনী সমন্বয়ক তাঁর স্বামী সৈয়দপুর কলেজের প্রদর্শক এমদাদুল হক। তিনি বলেন, কামরুন নাহার ২০০০ সালে ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হন। ২০০২ সালে তিনি বাবার বাড়ি কামারপুকুর ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হন। ২০০৮ ও ২০১৩ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে অল্প ব্যবধানে হেরে যান তিনি।
পালপাড়া গ্রামের সরস্বতী পাল বলেন, ‘নারী যেমন সংসার সাজান, তেমনই একটি ইউনিয়নকে গোছানো সংসার বানাতে পারেন। আমরা ইরাকেই ভোট দেব।’
মোল্লাপাড়ার রীমা বেগম বলেন, ‘যাঁরা চেয়ারম্যান হন, তাঁরা শহরে চলে যান। কিন্তু ইরা আপাকে আমরা সব সময় কাছে পাব।’
কাগজীপাড়া এলাকার মো. ভুলু বলেন, ‘ইরা আপাকে আমরা আদর্শ মনে করি। গ্রামের নারী-পুরুষ এবার স্লোগান তুলেছেন ইরা আপার পক্ষে।’
চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার বলেন, এরই মধ্যে ১৫ দফা ইশতেহার প্রকাশ করা হয়েছে। এতে রয়েছে গরিব কৃষিজীবী-শ্রমজীবী নারীদের জন্য অবসরকালীন আয়ের উৎস তৈরি করা, বাল্যবিবাহ রোধ, প্রসূতির সেবায় অ্যাম্বুলেন্স সংগ্রহ, যৌতুক ও সামাজিক অনাচার দূর করা।