খুলনার ফুলতলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দিতা করছেন। তাঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী ওই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু ও তাঁর বড় ভাই স্বতন্ত্র প্রার্থী সরদার সেলিম হোসেন।
চেয়ারম্যান পদে অপর প্রার্থী হলেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। ২৩ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানান, সেলিম ২০১০ সালে উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন। আলাউদ্দিন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। পরে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আকরামকে পরাজিত করে জয়লাভ করেন আলাউদ্দিন।
ওই দুই ভাইয়ের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
সরদার সেলিম বলেন, ‘সরকারি দলের ভয়ভীতি আর পুলিশের নির্যাতনে আমরা ভীত। তাদের কার্যাকলাপের জন্য ভোট বর্জন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’
সরদার আলাউদ্দিন বলেন, ‘আমার ভাই প্রার্থী, সেটি বড় ব্যাপার নয়। দিনে পুলিশ আর রাতে সন্ত্রসীদের ভয়ে সাধারণ ভোটার ও আমাদের কর্মী-সমর্থকেরা ভীত হয়ে পড়েছেন।’ তিনি আরও বলেন, ১৫ মার্চ গভীর রাতে ফুলতলার তাজপুর গ্রামের বাড়ি থেকে যুবদল নেতা আনিসুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। একই রাতে আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদল নেতা চয়ন শরীফ এবং খানজাহান আলী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের বাড়িতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা কয়েক দফা হানা দেন। তাঁদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁরা চরম দুর্ব্যবহার করেন। এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি ভয়ে আছেন।
খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ফুলতলার চারটি ইউনিয়নের মোট ৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৪৮৫।