চেয়ারম্যান পদে দুই ভাইয়ের লড়াই
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুই ভাই। এর মধ্যে বড় ভাই সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. আবদুল হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ছোট ভাই বর্তমান চেয়ারম্যান সুলেমান মিয়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই ভাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
ইউনিয়নে চেয়ারম্যান পদে অপর প্রার্থী হলেন বিএনপির সুন্দর আলী। তিনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
২৮ মে এ ইউনিয়নে নির্বাচন হবে। ইতিমধ্যে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আবদুল হান্নান বলেন, বিগত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি হেরে যান। জনগণের চাপে তিনি এবার স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। সুলেমান মিয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারও প্রার্থী হয়েছেন। জনগণ তাঁর সঙ্গে আছে এবং থাকবে।