সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পিএইচডি ডিগ্রিধারী থেকে স্বশিক্ষিত প্রার্থীরাও রয়েছেন। চারজন প্রার্থীর মধ্যে দুজনই স্বশিক্ষিত। ‘বর্গাচাষি’ থেকে রয়েছেন আইনজীবী, শিক্ষকও। তবে তাঁদের কারও বিরুদ্ধে কোনো মামলা নেই।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, সম্পদের দিক দিয়ে সবচেয়ে ধনী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এনামূল হক সরদার। তিনি পেশায় একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ ও ব্যবসায়ী। তাঁর বার্ষিক আয় ১০ লাখ ১৯ হাজার ১৬৯ টাকা। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ সম্পদের মালিক আওয়ামী লীগ-সমর্থিত মো. লুৎফুর রহমান। পেশায় আইনজীবী হলেও এই খাত থেকে তাঁর কোনো আয় নেই। দুই ছেলের কাছ থেকে তিনি বছরে ২ লাখ ৮০ হাজার টাকা পেয়ে থাকেন।
সম্পদের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন আহমদ লালা। তিনি কৃষিজমি ও দোকান ভাড়া বাবদ বছরে ২ লাখ ২৫ হাজার টাকা আয় করে থাকেন। অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম পেশায় বর্গাচাষি। তাঁর বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকা। জিয়া ও ফখরুল উভয়ই স্বশিক্ষিত এবং তাঁদের কোনো স্থাবর সম্পদ নেই। আর এনামূল পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ও লুৎফুর এলএলবি পাস।
বাকি তিন প্রার্থীর কেউ ঋণগ্রস্ত না থাকলেও সর্বোচ্চ ধনী এনামূলের ৫৯ লাখ ৩১ হাজার ৪০৫ টাকার একক ঋণ রয়েছে। এর বাইরে একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তাঁর ঋণ রয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণও অন্যদের তুলনায় বেশি।
লুৎফুরের অস্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৭৮১ টাকা ব্যাংকে জমা, ১ লাখ ৪০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী এবং ১ লাখ ৮০ হাজার টাকার আসবাব রয়েছে। জিয়া উদ্দিনের অস্থাবর সম্পদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ১ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ১ লাখ টাকার আসবাব ও ৩৫ হাজার টাকার অন্যান্য জিনিসপত্র রয়েছে তাঁর। ফখরুলের অস্থাবর সম্পদের মধ্যে ২০ হাজার টাকা, ব্যাংকে জমা করা ১ হাজার টাকা এবং কিছু ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব রয়েছে। এনামূলের স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাট, সোয়া দুই একর কৃষিজমি, সোয়া দুই একর অকৃষি জমি ও যৌথ মালিকানায় আধা একর অকৃষি জমি রয়েছে।
এনামূলের স্ত্রীও সম্পদে এগিয়ে রয়েছেন। তাঁর স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ২৭ হাজার ২১০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৭৫ হাজার টাকা ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১০ লাখ ৮৮ হাজার ৫০২ টাকা।
সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, প্রার্থীদের হলফনামায় উপস্থাপিত তথ্য যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন। কোনো ধরনের অসংগতি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।