কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তাঁদের এক চাচাতো ভাইও লড়ছেন।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির সাবেক সাংসদ কবির উদ্দিন আহমেদের ছেলে মোসাব্বির হোসেন সাদ্দামকে দলের প্রার্থী হিসেবে বাছাই করে তৃণমূল। এরপর বিএনপির কেন্দ্র থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এটা মেনে নিতে পারছেন না সাদ্দামের বড় ভাই তাওছিফ কবির সায়েম। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এ ছাড়া সাদ্দামের আপন চাচাতো ভাই বর্তমান চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ছায়েল স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোসাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই দল থেকে আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। যদি নির্বাচনে কোনো রকম কারচুপি বা দুর্নীতি না হয়, তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
তাওছিফ কবির বলেন, ‘এলাকাবাসী আমাকে ইউপির চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাই যত রকমের ঝড়-তুফান আসুক, নির্বাচনের মাঠে আমি লড়াই করে যাব। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে আমার জয় নিশ্চিত।’
বর্তমান চেয়ারম্যান মিছবাহ উদ্দিন বলেন, ‘বর্তমান চেয়ারম্যান হিসেবে আমি এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। সুখে-দুঃখে এলাকাবাসী সব সময় আমাকে কাছে পেয়েছে। আমি যথাসাধ্য তাঁদের উপকার করার চেষ্টা করেছি। তাই এবারও তাঁরা (এলাকাবাসী) আমাকে নির্বাচনের মাঠে দাঁড় করিয়েছেন। আমার বিশ্বাস, গতবারের মতো এ বছরও আমি জয়লাভ করব।’
এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মখদুম কবির তন্ময়। এ ছাড়া মো. হেলাল উদ্দিন সরকার ও মো. আবদুল মালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। মখদুম কবির বলেন, ‘এক ফ্যামেলি (পরিবার) থেকে তিনজন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করছেন। এরপরও যদি আমি ফেল করি; তাহলে এটা নৌকারও কপাল খারাপ, আমারও কপাল খারাপ হবে। নির্বাচনে অবশ্যই আমি বিপুল ভোটে জয়লাভ করব।’
আগামী ৪ জুন করিমগঞ্জ উপজেলার ১১টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ মে প্রতীক বরাদ্দ হবে।