নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী শামসুন্নাহার মুক্তির সঙ্গে ভোটযুদ্ধে নেমেছেন তাঁর ছোট ভাই নূর মোহাম্মদ মেহেদী। আপন দুই ভাইবোন একই পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে আগ্রহ বেড়ে গেছে। ১৬ এপ্রিল ওই ইউনিয়নে নির্বাচন হবে।
গত নির্বাচনে সদর ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী আবদুর রব নির্বাচিত হয়েছিলেন। তিনি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে ওই ইউনিয়নে চেয়ারম্যানের পদ শূন্য হয়।
ওই ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁদের মধ্যে তোফাজ্জল হোসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শামসুন্নাহার মুক্তি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তোফাজ্জল হোসেন, নূর মোহাম্মদ মেহেদী, এজাজ আহমেদ ও মাজেদুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দুই ভাইবোনের লড়াই এখন সবচেয়ে আলোচিত ঘটনা। ভাইবোন একসঙ্গে ভোটযুদ্ধে নামায় অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। কাকে ভোট দেবেন এ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন আত্মীয়স্বজনও। ইতিমধ্যে দুই ভাইবোন কোমর বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচনে জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁরা। ভাইবোনের লড়াই চাঞ্চল্যের সৃষ্টি করলেও মূল লড়াই নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যেই হবে বলে ধারণা করছেন ভোটাররা।
ভাই প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটে কোনো প্রভাব পড়বে না জানিয়ে শামসুন্নাহার মুক্তি বলেন, ‘এলাকায় আমার স্বামী ব্যাপক জনপ্রিয় একজন মানুষ ছিলেন। ইউনিয়নে অনেক ভালো কাজ করার চিন্তা ছিল তাঁর। আমি তাঁর অসম্পূর্ণ কাজ, গত নির্বাচনে ভোটারদের মাঝে তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব।’ নূর মোহাম্মদ বলেন, ‘জনগণ যাঁকে যোগ্য মনে করবে, তাঁকেই ভোট দেবে। এখানে ভাইবোন দেখবে না। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকলেছার রহমান বলেন, ‘আপন ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটে একটু প্রভাব পড়লেও এখনো শামসুন্নাহারই এগিয়ে রয়েছেন।’
গত বছরের ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন পরাজিত হন। উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তিনি আবারও নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন।