চলতি মাসে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীসংকট দেখা গেলেও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে তেমন হচ্ছে না। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৮টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৯২ জন। এর মধ্যে ১৪টি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১৬৯ জন। এগুলোতে ১০ বা এর চেয়েও বেশিসংখ্যক প্রার্থী হয়েছেন। সর্বোচ্চ ২১ জন প্রার্থী হয়েছেন নরসিংদীর বেলাবতে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওই ৯৮টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ৬৬০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো উপজেলাতেই একক প্রার্থী নেই।
২০০৯ সালের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান এবং আটজন মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
প্রথম ধাপের ৯৮টি উপজেলার মধ্যে ৯৭টিতে ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি, অপরটিতে (রংপুরের পীরগঞ্জ) ভোট গ্রহণ হবে ২৪ ফেব্রুয়ারি। আজ সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সরকারি ও বিরোধী দল নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা নির্বাচনের পরিবেশ থাকবে উৎসবমুখর। তাই আশা করা যায়, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ঘটবে না।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে ১০ বা এর বেশি প্রার্থী আছেন—এমন উপজেলা ১৪টি। এর মধ্যে নরসিংদীর বেলাবতে ২১ জন, কুড়িগ্রামের উলিপুরে ১১, বগুড়ার ধুনটে ১২, নন্দীগ্রামে ১১ ও শেরপুরে ১০, পাবনার সাঁথিয়ায় ১০, যশোরের অভয়নগরে ১২, মাগুরা সদরে ১৪, নড়াইলের কালিয়ায় ১০, ভোলার লালমোহনে ১১, নেত্রকোনার দুর্গাপুরে ১২, মানিকগঞ্জের দৌলতপুরে ১০, সিলেটের জকিগঞ্জে ১৩ এবং চট্টগ্রামের হাটহাজারীতে ১২ জন। দুজন করে প্রার্থী হয়েছেন নীলফামারীর সৈয়দপুর ও মেহেরপুর সদরে।
ভাইস চেয়ারম্যান পদে ১০ বা ততোধিক প্রার্থী আছেন। বগুড়ার ধুনটে ১২ জন, মাগুরা সদরে ১২, মানিকগঞ্জের সিংগাইরে ১৩, ঢাকার দোহারে ১৬ ও নবাবগঞ্জে ১৪, গোপালগঞ্জের মুকসুদপুরে ১১, শরীয়তপুরের গোসাইরহাটে ১১, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ১০ ও দোয়ারাবাজারে ১৩, সিলেটের কোম্পানীগঞ্জে ১২, গোলাপগঞ্জে ১০, গোয়াইনঘাটে ১০ ও জৈন্তাপুরে ১১ এবং চট্টগ্রামের হাটহাজারীতে ১১ জন। ভাইস চেয়ারম্যান পদে সর্বনিম্ন দুজন করে প্রার্থী হয়েছেন রাজবাড়ীর পাংশা ও নরসিংদীর পলাশে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ আটজন প্রার্থী হয়েছেন গোসাইরহাটে। ছয়জন করে প্রার্থী হয়েছেন নীলফামারীর ডিমলা, রংপুরের পীরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, সিরাজগঞ্জের রায়গঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী এবং খাগড়াছড়ির মহালছড়ি ও পানছড়িতে। সর্বনিম্ন দুজন করে প্রার্থী হয়েছেন মেহেরপুর সদর, ঝিনাইদহের কালীগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, মানিকগঞ্জের শিবালয়, ঢাকার নবাবগঞ্জ, রাজবাড়ী সদর ও পাংশা, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা, সিলেটের গোলাপগঞ্জ এবং হবিগঞ্জের বাহুবলে।
সর্বশেষ ২০০৯ সালের ২২ জানুয়ারি ৪৮০টি উপজেলায় নির্বাচন হয়েছিল। এতে মোট প্রার্থী ছিলেন আট হাজার ১৭৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন হাজার ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান দুই হাজার ৮৯৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক হাজার ৯৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।