চেয়ারম্যান প্রকাশ্যে, মেম্বার গোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন কক্ষে গিয়ে ভোট দিতে না দেওয়া, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করা, কেন্দ্র থেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। অনিয়মের অভিযোগে সাতজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।
সকাল সাড়ে নয়টার দিকে ধুলিয়া ইউপির চাঁদকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। কয়েকজন নারী ভোটার ভোট দিয়ে চলে যাচ্ছেন। তাঁদের মধ্যে মেরিনা বেগম (৪০) নামের এক নারী বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে যাইয়া দেহি ভোট দেওয়া অইয়া গ্যাছে। মনে করছিলাম, এই নির্বাচনে ভোট দিতে পারমু। দিতে পারছি, কিন্তু দেহাইয়া নৌকায় সিল দেওয়া লাগজে।’ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট ছিল না। ছবি তুলতে গেলে এতে বাধা দেন নৌকার সমর্থকেরা।
১০টার দিকে বিএনপির প্রার্থী আবদুল জব্বার ওই কেন্দ্রে আসেন। তিনি বলেন, ‘আমার এজেন্ট বের করে দিয়ে ধানের শীষের সমর্থকের হাত থেকে ব্যালট নিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। এ রকম নয়টি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ কারণে আমি নির্বাচন বর্জন করলাম।’ একই অভিযোগে বেলা ১১টার দিকে ভোট বর্জন করেন কেশবপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী তসলিম তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুল হক ও বিএনপির শহিদুল ইসলাম মুন্সী।
কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে গিয়ে দেখা যায়, নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই। নৌকায় দেখিয়ে ভোট দিতে হচ্ছে ভোটারদের।
সূর্যমণি ইউপির পশ্চিম ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, সদস্য পদের ব্যালট ভোটারদের দেওয়া হলেও চেয়ারম্যান পদের ব্যালট দেওয়া হচ্ছে না। নৌকার সমর্থকেরা সিল মেরে দিচ্ছেন। ওই কেন্দ্রেও বিএনপি বা স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট নেই। একই অবস্থা ইন্দ্রকুল চৌমহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সূর্যমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে ফের শুরু হয়।
পরে বেলা দুইটার দিকে চিফ হুইপ আ স ম ফিরোজের ছেলে মো. রায়হান সাকিবের নেতৃত্বে ১৫০-২০০ জনের একটি দল ওই কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। রায়হান সাকিব বলেন, ‘ঝামেলার খবর শুনে আমি কেন্দ্রটিতে যাই। আমি কোনো হামলার সঙ্গে জড়িত নই।’
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহজাদা মিয়া বলেন, কোনো কেন্দ্রে তাঁদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।