চেয়ারম্যান প্রার্থী আটক, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল জলিলকে আজ শুক্রবার দুপুরে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। প্রতিবাদে তাঁর সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবরোধ ও ভাঙচুর চালিয়েছেন।

এ ব্যাপারে র‌্যাবের পরিচালক কিসমত হায়াত জানিয়েছেন, মো. আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  ১৫ মার্চ শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। উপজেলায় আওয়ামী লীগের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জলিল ও বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। হলফনামা সূত্রে জানা গেছে, তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, দুপুরে র‌্যাব-১-এর সদস্যরা আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যান। এ খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তাঁর সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবরোধ করেন। এ সময় তাঁরা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালান।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, র‌্যাব-১-এর সদ্যরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল জলিলকে সম্প্রতি তলব করেছিল। তবে কী কারণে সেটা জানা যায়নি।