চেয়ারম্যান প্রার্থীদের অর্ধেকের বেশি ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের বিষয়ে তথ্য প্রকাশ অনুষ্ঠানে আজ সোমবার বক্তব্য রাখেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি: ফোকাস বাংলা
তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের বিষয়ে তথ্য প্রকাশ অনুষ্ঠানে আজ সোমবার বক্তব্য রাখেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি: ফোকাস বাংলা

তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য ১৫ মার্চ ৮৩টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৩০ দশমিক শূন্য ২ শতাংশের বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন ধরনের মামলা আছে। চেয়ারম্যান প্রার্থীদের অর্ধেকের বেশির (৫২ দশমকি ৪২ শতাংশ) পেশা ব্যবসা।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই দফার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের এসব তথ্য প্রকাশ করেন। এসব তথ্য তুলে ধরেন সুজনের সহযোগী সমন্বয়কারী সনজিদা হক।

সনজিদা হক জানান, উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪৩৪ জন। এর মধ্যে ৩৯৩ জনের তথ্য পেয়েছে সুজন। এতে দেখা যাচ্ছে, ২১০ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, এসএসসি পাস ৫৩ জন, ৪৮ জন এইচএসসি পাস এবং ৭৮ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
এসব প্রার্থীর মধ্যে বর্তমানে মামলা রয়েছে ১১৮ জনের বিরুদ্ধে (৩০ দশমিক শূন্য ২ শতাংশ)। ১১৬ জনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ২৭৮ জনের বার্ষিক আয় পাঁচ লাখ টাকা বা তার নিচে।

সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের হলফনামা-বিষয়ক এক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘মন্ত্রীর এ ধরনের বক্তব্য দুর্নীতি ও দুর্বৃত্তায়িত রাজনীতির প্রতি আত্মসমপর্ণের শামিল।’
গণমাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা প্রকাশ সম্পর্কে সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘হলফনামা রাজনীতিবিদদের চরিত্র হনননামা’।