মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন ২৩ মার্চ সহিংসতায় গুলিবিদ্ধ লাকী আক্তার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
লাকী আক্তার উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আ. মান্নান দেওয়ানের স্ত্রী।
এদিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদকে গতকাল জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, নির্বাচনের দিন বিকেলে সহিংসতায় নিজ গ্রাম পোড়াচক বাউশিয়া এলাকায় গুলিবিদ্ধ হন লাকী। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা অস্ত্রোপচার করে চারটি গুলি বের করেন। পরে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার বেলা একটায় লাকীর মরদেহ গ্রামের বাড়ি পোড়াচক বাউশিয়ায় এসে পৌঁছায়।
গজারিয়া উপজেলা পরিষদের নির্বাচনে সহিংসতায় মোট তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটল। নির্বাচনের দিন সহিংসতায় নিহত হন উপজেলার বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুদ্দিন প্রধান, পরদিন নিহত হন উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মাহবুব আলম।