নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুর রহমানকে পরপর দুই দিন জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেল শোভাযাত্রা বের করায় ১৫ হাজার টাকা এবং আগের দিন বুধবার একাধিক মাইক ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন রায় এ আদালত পরিচালনা করেন।
গতকাল দুপুর আড়াইটার দিকে চেয়ারম্যান প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান মোটরসাইকেল শোভাযাত্রা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদাতের মাধ্যমে তাঁর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে একই ম্যাজিস্ট্রেট বুধবার বিকেলে নির্বাচনী প্রচারণার গাড়িতে পোস্টার ব্যবহারের অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন বাবলুকে পাঁচ হাজার টাকা এবং একই অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিনা বেলায়েতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।