চেয়ারম্যান প্রার্থীর বৈধতা পেলেন সেই ইজারাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত তিস্তা রেলপথ ও সড়ক সেতুর ইজারাদার মো. গোলাম মোস্তফা স্বপন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এবার গোকুন্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইউপি নির্বাচনের বিধি অনুযায়ী কোনো ইজারাদার প্রার্থী হতে পারবে না। কিন্তু প্রার্থী হিসেবে বৈধতা দেওয়ার পর একজন চেয়ারম্যান পদপ্রার্থী ও চারজন ভোটার নির্বাচন কার্যালয়ে গোলাম মোস্তফার প্রার্থিতা বাতিল করার জন্য আবেদন করেন। এ ঘটনায় বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে শুনানি হয়। শুনানি শেষে তাঁর প্রার্থিতা বাতিলের আপিল খারিজ করা হয়। লালমনিরহাট রেল বিভাগীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিস্তা রেলপথ ও সড়ক সেতুর ২০১০-২০১১ অর্থবছরে টোল আদায়ের ইজারদার হলেন গোলাম মোস্তফা স্বপন। তিনি ২০১০ সালের ১ নভেম্বর থেকে ২০১১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ৯১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা দরপত্র মূল্যের বিপরীতে টোল আদায়ের জন্য ইজারদার নিযুক্ত হয়েছেন এবং এখনো নিযুক্ত আছেন।জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধি অনুযায়ী, ‘কেউ প্রজাতন্ত্রের বা পরিষদের বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক কোন কাজে সার্বক্ষণিক পদে অধিষ্ঠিত থাকলে’ তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।কিন্তু গোকুন্ডা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক ২৮ মে চেয়ারম্যান পদপ্রার্থী নয়জনের বৈধ তালিকা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে এ তালিকা প্রকাশের পর গোলাম মোস্তফা স্বপনের মনোনয়ন বাতিলের জন্য ৩০ মে একজন চেয়ারম্যান পদপ্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করেন। একই দিন ইউনিয়নের আরও চারজন ভোটার পৃথক দুটি আবেদন করেন।বৃহস্পতিবার শুনানি চলাকালে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী ও চারজন সচেতন ভোটারের সামনে তিনটি আবেদন পাঠ করেন। এ সময় গোলাম মোস্তফার পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভানেত্রী আইনজীবী সফুরা বেগম উত্থাপিত বিষয়ের আইনগত ব্যাখ্যাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।জেলার নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রাপ্ত আবেদনপত্র তিনটি ও গোলাম মোস্তফার পক্ষে যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচন বিধিমালায় প্রার্থীর অযোগ্যতা আইনের ২৬ (২)-এর ছ লঙ্ঘিত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় প্রার্থিতা বাতিলের আবেদন খারিজ করা হয়েছে।গোলাম মোস্তফা জানান, তিনি তিস্তা সেতুর ইজারাদার। তাঁর পক্ষে রায় হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।