চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল মহড়া
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিজন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল মহড়া করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান ও এবারের নির্বাচনের প্রার্থী বিজন সরকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিতের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর তিনি লোকজন নিয়ে দুই শতাধিক মোটরসাইকেলে করে গোবিন্দপাড়া ইউনিয়ন এলাকায় মহড়া করেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুরাত আলী জানান, মহড়ায় অংশ নেওয়া বেশির ভাগ লোক অন্য এলাকার। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম জানান, আগামী ১৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মোটরসাইকেল মহড়া দেওয়া নির্বাচনী আচরণবিধি পরিপন্থী। এতে আচরণবিধি লঙ্ঘিত হবে বলে তিনি জানান। তবে কেউ তাঁকে অভিযোগ করেননি। বিজন সরকার উল্টো অভিযোগ করে বলেন, ‘শুধু আমি একা নই, আরও অনেক প্রার্থী মোটসাইকেল শো-ডাউন দিয়েছেন। তাঁদের দেখে আমিও কয়েকটি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি।’ কোনো বহিরাগত তাঁর মোটরসাইকেল মহড়ায় ছিল না বলে তিনি দাবি করেন।