চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে গতকাল বুধবার সকালে ললাটি গ্রামে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলামের কর্মী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহফুজুর রহমানের সমর্থক কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নির্বাচন-সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু বক্কর ও তাঁদের পক্ষের লোকজন জাকির হোসেন, কাসেম মিয়া, সুমন মিয়া, শাহ আলম ও সোহেল হোসেনের ওপর হামলা চালান। এরপর আবু বক্করের লোকজন জাকির হোসেন ও তাঁর পক্ষের লোকজনের বাড়িঘরে ভাঙচুর চালান।
পরে জাকির হোসেনের সমর্থকেরা এক হয়ে আবু বক্কর ও তাঁর পক্ষের লোকজনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা হামলা চালান। এ সময় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন রনি মিয়া, আবুল কাসেম, শাহ আলম, শরিফ মিয়া, তাজুল ইসলাম, এমদাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, ইয়াজুল মিয়া, সালেয়া বেগম ও রাবেয়া বেগম।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।