চেয়ারম্যান প্রার্থীদের ৩০ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২৯ দশমিক ৮১ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৯৫ শতাংশের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য জানায়। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া তথ্য বিশ্লেষণ করে সুজন এ তথ্য তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক জানান, চতুর্থ ধাপে ৪২টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হলেন ৪৪৭ জন। তবে সুজন ৩৭৯ জনের প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ২০০ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯৮ জনের বার্ষিক আয় দুই লাখ টাকা বা এর চেয়ে কম। তবে এক কোটি টাকার বেশি আয় করেন পাঁচজন। আর ২৫৪ জন প্রার্থীর বার্ষিক আয় পাঁচ লাখ টাকার নিচে। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৫৯ দশমিক ৬৩ শতাংশের পেশা ব্যবসা।

সানজিদা হক জানান, ৬৩ জন প্রার্থী ঋণগ্রহীতা। তবে ৩১৬ জনের কোনো ঋণ নেই। এ ছাড়া সংবাদ সম্মেলনে দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচনে সহিংসতার তথ্য তুলে ধরা হয়।

সহিংসতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন বলেন, হতে পারে নির্বাচন কমিশন গা ছেড়ে দিয়েছে, না হয় নির্বাচন কমিশনকে ব্যবস্থা না নিতে বাধ্য করা হয়েছে। এ জন্য এসব ঘটনা ঘটেছে।

তাহলে নির্বাচন কমিশন ব্যর্থ কি না—জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন কমিশন ব্যর্থ। কারণ এসব নিয়ন্ত্রণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধেই।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর।