চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার রাতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী হাকিম জেসমিন নাহার ওই জরিমানা করেন।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রঙিন পোস্টার ছাপানো ও দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানো এবং একসঙ্গে দুটি মাইক ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এসব জরিমানা আদায় করা হয়৷ এর মধ্যে গাড়ি ও দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী রীনা পারভিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গাড়িতে একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনা সরকারকে এক হাজার টাকা ও গাড়িতে পোস্টার লাগানোর অভিযোগে আরেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রচারের জন্য পোস্টার রশিতে লাগিয়ে টাঙিয়ে দেওয়া যাবে এবং একটি গাড়িতে একটির বেশি মাইক ব্যবহার করা যাবে না৷ ১৯ মে গাজীপুর সদর উপজেলার নির্বাচন হবে।