চেয়ারম্যান মুক্ত শান্তি আলোচনায় বসছে উলফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া গতকাল শনিবার মুক্তি পেয়েছেন।ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কারা ফটকের বাইরে এসেই রাজখোয়া সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সরকারের সঙ্গে নিঃস্বার্থ শান্তি আলোচনায় বসতে রাজি আছি। তবে কারাগারে থাকা আমাদের সব নেতা মুক্তি পাওয়ার পর এ ব্যাপারে আমাদের (উলফা) নির্বাহী কমিটিতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।’ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজখোয়াসহ উলফার কয়েকজন শীর্ষ নেতাকে সপরিবারে ২০০৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ থেকে আটক করে গোপনে ভারতের কাছে হস্তান্তর করা হয়। রাজখোয়ার বিরুদ্ধে ছয়টি মামলার সবগুলোতে তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখনো আসামের কারাগারে আছেন অর্থবিষয়ক সম্পাদক চিত্রবন হাজারিকা ও পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী। এই দুজনের মুক্তি ছাড়াও বাংলাদেশের কারাগারে আটক থাকা উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকেও শিগগির স্বদেশে ফেরত নেওয়ার দাবি করেছেন রাজখোয়া। রাজখোয়ার মুক্তি উপলক্ষে গতকাল সকালে আসামের গুয়াহাটি কারাগারের সামনে তাঁর শত শত সমর্থক জড়ো হয়। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর ৩০টি গাড়ির একটি বহরে রাজখোয়া গুয়াহাটি থেকে ৮২৫ মাইল পূর্বে নিজ গ্রাম লাখওয়াতে যান।আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে ১৯৭৯ সাল থেকে উলফা সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। এ সময়ে ওই রাজ্যে সহিংসতায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয় বলে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়।উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হয়ে এখনো বাংলাদেশের কারাগারে আটক আছেন।