চেয়ারম্যান মোশারেফ খুনের পেছনে আ.লীগ নেতা আফজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াটে লোক দিয়ে খুন করা হয় যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোশারেফ হোসেনকে। পরিকল্পনায় ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন। আলোচিত এ হত্যা মামলায় আদালতে দাখিল করা অভিযোগপত্রে এ কথা বলা হয়েছে।
ঝিনাইদহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আমিনুল ইসলাম গত রোববার যশোর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। মামলার এ তদন্ত কর্মকর্তা আগে যশোর সিআইডিতে ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, মোশারেফকে হত্যার পেছনে কলকাঠি নেড়েছেন আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনসহ কয়েকজন। আফজাল বর্তমানে ওই ইউপির চেয়ারম্যান পদে রয়েছেন। তাঁরা খুনিদের সঙ্গে চার লাখ টাকায় চুক্তি করেন। হত্যাকাণ্ডের দুই মাস আগে পাঁচজন ভাড়াটে খুনি যশোর সদর উপজেলার ইছালী গ্রামের আমিনুরের বাড়িতে বসে হত্যার পরিকল্পনা আঁটে।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোশারেফ হত্যাকাণ্ডের তদন্ত করে তাঁরা ১৯ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। এই ১৯ জনকে অভিযুক্ত করে তিনি আদালতে অভিযোগপত্র দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাতজন কারাগারে। অন্য ১২ জন পলাতক রয়েছেন। আটক সাতজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি থেকে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আফজাল হোসেনের সঙ্গে দ্বন্দ্বের জেরেই খুন হন মোশারেফ।
২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া এলাকায় মোশারেফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি মোটরসাইকেলযোগে ইছালী ইউপি কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করে। ১৭ এপ্রিল সেটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।
সিআইডির তদন্তে হত্যাকাণ্ডে জড়িত অন্য যাঁদের নাম এসেছে, তাঁরা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার রকিবুল হাসান ওরফে রকি ও ইমলাক হোসেন, উপশহর এলাকার ফয়সাল ওরফে কোকিল, বাহাদুরপুর এলাকার সাজ্জাদুল হোসেন, তালবাড়িয়া এলাকার হযরত আলী ওরফে আঁখি, ইছালী এলাকার আজিজুর রহমান ওরফে ডেভিড, আমিনুর ও জালাল, এনায়েতপুরের খাইরুল ইসলাম, রামকৃষ্ণপুরের আশরাফুল ইসলাম ওরফে ফিঙে, তেজরোল গ্রামের নবকুমার ঘোষ ওরফে লব ঘোষ, রাজাপুর গ্রামের রফিক ওরফে রফিউদ্দিন সরদার, আলতাফ হোসেন এবং এস এম এ জব্বার, বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসকার আলী জোয়ার্দার ও সাদ্দাম হোসেন, বারান্দী মোল্লাপাড়ার আরিফুর রহমান ও জগমোহনপুর এলাকার আবদুল মজিদ।