চেয়ারম্যান রাজ্জাক হত্যার পাঁচ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার আলোকবালীর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক সরকার হত্যাকাণ্ডের পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গতকাল সোমবার ভোরে নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম সারোয়ারের নেতৃত্বে ঢাকার সদরঘাট ও ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর আনুমানিক সাড়ে পাঁটার দিকে ঢাকা জেলার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি কাইয়ুম মিয়া ও ২ নম্বর আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগর থেকে জলিল মিয়া, শীতল মিয়া ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, কাইয়ুম ও নজরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যাকাণ্ডে অংশ নেন জলিল মিয়া, শীতল ও জাকির। তাঁরা তিনজন মামলার এজাহারভুক্ত আসামি নন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের ধরতে আরও অভিযান চালানো হচ্ছে। গত ১৫ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে আলোকবালীর ইউপি চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক সরকার নরসিংদী কালচারাল ক্লাবের বণিক সমিতির বৈঠক শেষে বাসায় ফেরার পথে নরসিংদী বাজারের জনতা ব্যাংকের উত্তর পাশে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিকে তাঁকে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় তাঁর ছেলে মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।