চেয়ারম্যান-সদস্যদের দ্বন্দ্ব, ইউপি অচল
পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। চেয়ারম্যান আসিফ ইকবালের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে তাঁর অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ১০ জন ইউপি সদস্য। বেড়া উপজেলার সবচেয়ে বড় ও বেশি জনসংখ্যার এই ইউনিয়নে ভাঙনদুর্গত অনেক অভাবী মানুষ বাস করে। এ জন্য এখানে সরকারি বরাদ্দ অন্যান্য ইউনিয়নের চেয়ে বেশি। কিন্তু চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে কিছুদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে ইউনিয়নের গরিব ও দুস্থদের মধ্যে সরকারি সহায়তা বিতরণে জটিলতা দেখা দিয়েছে।ইউপি সদস্যদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে চেয়ারম্যান ভিজিডির ৬৯৮ কেজি গম ও চাল আত্মসাৎ করেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে তিনি দ্বিগুণ মূল্য জরিমানা বাবদ সরকারি কোষাগারে জমা দেন। এ ছাড়া চেয়ারম্যান ভিজিডি ও ভিজিএফ কার্ডধারীদের চাল ও গম জনপ্রতি কয়েক কেজি করে কম দিয়ে তা আত্মসাৎ করেছেন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, ‘অনাস্থা প্রস্তাব আনতে হলে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখসহ আমার বরাবর আবেদনসহ কিছু পদ্ধতিও অনুসরণ করতে হয়। ইউপি সদস্যরা আমাকে বিষয়টি অবহিত করলেও এ ব্যাপারে তাঁদের পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে। চেয়ারম্যান-সদস্যদের দ্বন্দ্বে ওই ইউনিয়নের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।’ চেয়ারম্যান আসিফ ইকবাল বলেন, ‘আসলে আমি ষড়যন্ত্রের শিকার। উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজুর আমার প্রতি রাজনৈতিক ও ব্যক্তি আক্রোশ রয়েছে। তিনি ইউপি সদস্যদের ব্ল্যাকমেইল ও প্ররোচিত করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্রে সই নিয়ে এসব করছেন। আমি পরিষদের একটি টাকাও আত্মসাৎ করিনি।’ উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক জানান, ইউপি সদস্যরা যেসব অভিযোগের ভিত্তিতে অনাস্থা প্রস্তাব এনেছেন তা সম্পূর্ণ তাঁদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে তাঁর বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।