চেয়ারম্যান-সদস্যদের দ্বন্দ্বে ইউনিয়ন পরিষদ অচল
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সাংসদ উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করে তদন্ত করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে রমজান মাসে এলাকার দুস্থরা ভিজিডি, ভিজিএফসহ সকল প্রকার সাহায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান তোজাম্মেল হকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সদস্যদের দ্বন্দ্ব চলে আসছে। গত ৭ জুলাই ইউপি সদস্য মফিজ উদ্দীনের সভাপতিত্বে জরুরি সভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ১৯টি লিখিত অভিযোগ তুলে কার্যবিবরণী ২১ জুলাই জেলা প্রশাসক বরাবরসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এরপর থেকে দুটি পক্ষ বিপরীত অবস্থান নেওয়ায় পরিষদের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অভিযোগকারী জহুরুল ইসলাম, দুলাল সরকার জানান, ইউনিয়নের চেয়ারম্যান একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তিনি দুস্থদের সাহায্যের জন্য দেওয়া অর্থসহ যাবতীয় সরকারি টাকা আত্মসাৎ করেছেন। অনেক ক্ষেত্রে ইউনিয়নের সদস্যদের স্বাক্ষর জাল করা হয়েছে। পরিষদের বিভিন্ন সরঞ্জাম নিজ বাড়িতে রেখেছেন। ত্রাণের টিন নিয়ে তাঁর বাড়িতে ঘর উত্তোলন করেছেন। এসব বিষয়ে প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। তবে, চেয়ারম্যান তোজাম্মেল হক এসব অভিযোগ অসত্য দাবি করে জানান, পরিষদের ঘরটি ছোট হওয়ায় তাঁর বাড়িতে ঘর তুলে আসবাবপত্র রাখা হয়েছে। এটি দোষের কিছু নয়। তিনি পাল্টা অভিযোগ করেন, ইউনিয়নের সদস্যরাই বিভিন্নভাবে দুস্থদের কাছ থেকে উৎকোচ নিয়ে তাঁর ঘাড়ে চাপাচ্ছেন। তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সাংসদ মো. তানভীর শাকিল জয় জানান, বিষয়টি স্থানীয় সরকারসংশ্লিষ্ট হওয়ায় তিনি সরাসরি হস্তক্ষেপ করেননি। অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ অন্য কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছে। যদি শিগগিরই মীমাংসা না হয়, তা হলে রমজান ও ঈদের কথা ভেবে দুস্থদের সামগ্রী উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে।