চেয়ারম্যানের সঙ্গে সদস্যদের দ্বন্দ্বের কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।ইউপির সচিব নুরুজ্জামান জানান, এ ইউনিয়নে ২০১২-২০১৩ অর্থবছরে টিআরের ১৬ মেট্রিক টন ও কাবিখার ১৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বর থেকে এসব কর্মসূচির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দ্বন্দ্বের কারণে এখনো এসব কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী, এ ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির বিপরীতে ১৩ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু তাঁদের দ্বন্দ্বের কারণে ওই কর্মসূচির বিপরীতেও বরাদ্দ পাওয়া যায়নি।ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার অভিযোগ করেন, চেয়ারম্যান আবদুল জব্বার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে চেয়ারম্যান সভা ডাকলে ইউপি সদস্যরা অনুপস্থিত থাকেন। তবে চেয়ারম্যান আবদুল জব্বার অভিযোগ অস্বীকার করে জানান, সচিবকে দিয়ে একাধিকবার সভা আহ্বান করা হলেও নয়জন ইউপি সদস্য অনুপস্থিত থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে শিগগিরই চেয়ারম্যান ও ইউপি সদস্যদের একত্র হয়ে কাজ করা উচিত।