চেয়ারম্যান স্বাক্ষর করেন, প্রকল্পের খবর জানেন না
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রকল্পের নামে খাদ্যশস্য হরিলুট থেমে নেই। দীঘিনালা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের নামে তিন দফায় ১৯টি প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে ৫৫ টন চাল-গম। এসব খাদ্যশস্য ছাড় করার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। প্রকাশ্য স্থানে প্রকল্পের বিবরণসহ সাইনবোর্ড দেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। প্রকল্প চেয়ারম্যানই জানেন না প্রকল্প কোথায় বাস্তবায়ন হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় ২০১০-১১ অর্থবছরে ১২ জানুয়ারি পার্বত্য জেলা পরিষদ থেকে গত ১২ জানুয়ারি বোয়ালখালী ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য ঝিনু রায় পোমাংয়ের নামে তিনটি প্রকল্পে সাত টন গম বরাদ্দ দেওয়া হয়। একই তারিখে একই ব্যক্তির নামে আরও ছয়টি প্রকল্পে ১৮ টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পগুলোর বরাদ্দকৃত গম ২৭ জানুয়ারি দীঘিনালা সদর খাদ্যগুদাম থেকে উত্তোলন করা হয়। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো প্রার্থীর নামে উন্নয়ন প্রকল্পে সরকারি খাদ্যশস্য বরাদ্দ দেওয়ায় বিধিনিষেধ থাকলেও গত ৫ মে জেলা পরিষদ থেকে ঝিনু রায় পোমাংয়ের নামে ১০টি প্রকল্পের অনুকূলে ৩০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। ২৫ এপ্রিল দীঘিনালার পাঁচ ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ২৩ মে দীঘিনালা সদর খাদ্যগুদাম থেকে প্রকল্পগুলোর অনুকূলে খাদ্যশস্য উত্তোলনও করা হয়। কিন্তু প্রকল্পগুলোর কোনো অস্তিত্ব নেই বলে স্বীকার করেছেন প্রকল্প চেয়ারম্যান নিজে। প্রকল্প চেয়ারম্যান ঝিনু রায় পোমাং বলেন, ‘প্রকল্পগুলো সম্পর্কে জানি না ও প্রকল্পগুলো চিনিও না। প্রকল্প থেকে একটি টাকাও পাইনি। আমি যেহেতু প্রকল্প চেয়ারম্যান, সব দায় তো আমার নিতে হবে। আমার কাছে এর বেশি কিছু জিজ্ঞাসা করলে আমি বলতে পারব না।’ তফসিল ঘোষণার পর একজন প্রার্থীর নামে জেলা পরিষদ থেকে খাদ্যশস্য বরাদ্দ প্রসঙ্গে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (সম্প্রতি বদলি হয়েছেন) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থীকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত কিংবা তাঁর নামে বরাদ্দ দেওয়া যায় না। কিন্তু পার্বত্য জেলা পরিষদের কোনো বরাদ্দ দেওয়ার সময় উপজেলা প্রশাসনকে জানানো হয় না। এমনকি বরাদ্দের কোনো তথ্যও উপজেলা প্রশাসনের কাছে থাকে না। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার প্রথম আলোকে বলেন, একজনের নামে ১৯টি প্রকল্প দেওয়ার কথা তাঁর জানা নেই। একজনের নামে এত প্রকল্প ও খাদ্যশস্য দেওয়ার কথা নয়। তবে তিনি প্রকল্পের বরাদ্দ তাঁর স্বাক্ষরে হয় স্বীকার করে তিনি বলেন, ‘ভাই এত কিছু মনে থাকে না।’এর আগে গত ১০ এপ্রিল ‘পাহাড়ে অস্তিত্বহীন ২০ প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ’ শিরোনামে একটি সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হয়।