চেয়ারম্যান হলেন বাবা কাজ করেন ছেলে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. আবদুর রশীদ (৭০) থাকেন বরিশাল শহরে। চেয়ারম্যানের দাপ্তরিক সব কাজ করেন তাঁর ছেলে কাজী শাখাওয়াত হোসেন।এলাকাবাসী জানান, শাখাওয়াত হোসেন বয়স্ক ভাতা, কর্মসংস্থান কর্মসূচি, সরকারি অনুদান, এমনকি সনদসহ সব কাগজপত্রে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে নিজেই দিয়ে থাকেন। ইউপি সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান না থাকায় ইউপির মাসিক সভা হয় না। শাখাওয়াত হোসেনের চাপে সদস্যরা মন্তব্যে স্বাক্ষর দিয়ে থাকেন। সরকারি সব কাজ ও অনুদান তিনিই ভাগ-বাঁটোয়ারা করেন।২ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, নিজের বাড়ির কাছারিঘরে বসে টিআর, কাবিখাসহ অন্যান্য বরাদ্দ বণ্টন করেন চেয়ারম্যানের ছেলে। ইউপির কার্যালয় নির্মাণের জন্য বরাদ্দ এলেও শাখাওয়াত তা আত্মসাৎ করেছেন। এ কারণে ইউপির নিজস্ব কোনো কার্যালয় নির্মিত হয়নি; শুরু করা যায়নি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রম। কেন্দ্রের জন্য বরাদ্দ করা কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।জাহাঙ্গীর হোসেন বলেন, চেয়ারম্যান না থাকায় ইউপির মাসিক সভা নিয়মিত হয় না। তার পরও মন্তব্য লিখে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান বয়স্ক হওয়ায় তিনি সব কাজ করতে পারেন না। তবে এ ব্যাপারে ইউপি সদস্যদের তিনি কোনো দায়িত্ব দেননি। তিনি তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করে কাজ করার নির্দেশ দিয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম গাজী বলেন, ইউপি কার্যালয়ের জন্য বরাদ্দ করা টাকা দিয়ে শাখাওয়াত হোসেন তাঁদের বাড়ির কাছারি মেরামত করে সেটি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।অভিযোগের ব্যাপারে কাজী মো. আবদুর রশীদ বলেন, ‘আমি অসুস্থতার কারণে এলাকায় যেতে পারি না। ইউপির কাজ চালানোর জন্য কোনো সদস্য বা আমার ছেলেকে দায়িত্ব দিইনি। তবে আমি যখন বলি, তখন আমার ছেলে সদস্যদের নিয়ে কাজ দেখাশোনা করে। কার্যালয় না থাকায় বাড়ির কাছারিঘরে কাজ চালানো হয়। ইউপির সভা মাঝেমধ্যে হয়।’ কাজী শাখাওয়াত হোসেন বলেন, ‘বাবার বিশ্বস্ত কে হবেন? ছেলে, না অন্য কেউ? বাবা অসুস্থ থাকায় তাঁর কিছু কাজ আমি দেখি। জনগণের সুবিধার জন্য বাবার স্বাক্ষর করা সনদ বাড়িতে রাখি। এ ছাড়া ব্যাংক হিসাবসহ অন্যান্য স্বাক্ষর বাবাই দেন।’মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, নিয়মানুযায়ী, চেয়ারম্যান অসুস্থ বা দায়িত্ব পালনে অপারগ হলে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। স্বাক্ষর জাল করে ইউপির কাজ চালানোর অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।