চেয়ারম্যানকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ মো. আবদুল হাকিমকে গতকাল মঙ্গলবার ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্র জানায়, চিঠিতে প্রেরকের ঠিকানায় ‘পিচ্চি কামাল, বাবু খাঁ, রংপুর’ লেখা রয়েছে। পুলিশের ধারণা, ওই চেয়ারম্যানের রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে।
ইউপি চেয়ারম্যান শাহ মো. আবদুল হাকিম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকে একটি পক্ষ আমার ক্ষতি করার জন্য বিভিন্ন পাঁয়তারা করে আসছে। এরই অংশ হিসেবে আমাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘ডাকযোগে পাঠানো ওই চিঠিতে লেখা আছে—“মরণের কাপড় পাঠাইলাম। যা খাবি খেয়ে নে, তোর সময় আছে ১৫ দিন।” বিষয়টি থানা-পুলিশকে জানিয়েছি। এ ঘটনার বিচার দাবি করছি।’ থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন মো. নাজমুল আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।