চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলমকে (৩৭) গত বুধবার রাতে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সদর উপজেলার সাত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা। তাঁরা তাঁদের জীবনের নিরাপত্তা এবং ওই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেছেন। গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।এতে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, বদরপুরের ছালাম শরীফ, কমলাপুরের আবদুল ছালাম মৃধা, লোহালিয়ার কবির হোসেন তালুকদার, মাদারবুনিয়ার গাজী মো. জয়নাল, আউলিয়াপুরের আলতাফ হোসেন শাহ আলম শরীফ ও বড় বিঘাউয়ের ইউপি চেয়ারম্যান আবদুস ছত্তার গাজী।বৃহস্পতিবার সন্ধ্যায় জৈনকাঠি ইউপির সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যেরা ওই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে টাউন জৈনকাঠি এলাকায় চেয়ারম্যান ফিরোজ আলমের বাড়ির গ্রিল কেটে এক দল সন্ত্রাসী ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় ফিরোজ আলমের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।ফিরোজ আলমকে ওই রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফিরোজ আলমের ভাই জাকির হোসেন বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা করেছেন।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।