চেয়ারম্যানকে জাতীয় পতাকা উত্তোলনে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সি কে পি পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে গতকাল মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে উপজেলা চেয়ারম্যানকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মানিক আজাদ বলেন, ‘বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে বারহাট্টা সি কে পি পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করতে যাই। এ সময় বারহাট্টা সদর ইউপির চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মাঠে ঢোকে এবং পতাকা উত্তোলনে বাধা দেয়। ইউএনও, ওসি, প্রশাসনের কর্মকর্তাসহ শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটেছে। আমি বিরোধী দলের সমর্থন করি। তাই নিরুপায় হয়ে সেখান থেকে চলে এসেছি। চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়েই এ ঘটনা ঘটিয়েছেন।’
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানেরা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে পতাকা উত্তোলনে বাধা দিয়েছেন। কোনো অস্ত্রের প্রদর্শন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ নিয়ে কাজী সাখাওয়াত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তা বন্ধ পাওয়া যায়। ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তেমন কোনো ঘটনা ঘটেনি। প্রতিবাদের মুখে চেয়ারম্যান সেখান থেকে চলে যাওয়ায় আমি পরিস্থিতি সামাল দিতে জাতীয় পতাকা উত্তোলন করেছি।’