চেয়ারম্যানকে দায়িত্ব থেকে বিরত রাখার আবেদনের আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত থাকার জন্য (রিকিউজাল) করা আবেদনের শুনানি গতকাল রোববার শেষ হয়েছে। এ বিষয়ে আজ সোমবার আদেশের দিন ধার্য করা হয়েছে।ট্রাইব্যুনালের দুই সদস্য এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদের উপস্থিতিতে শুনানি হয়। শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক গত ২৭ অক্টোবর এ আবেদন করেন। এ জন্য সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।শুনানিকালে জামায়াত নেতাদের নিয়মিত আইনজীবীরা ছাড়াও বিএনপি ও জামায়াত-সমর্থক বেশ কয়েকজন আইনজীবী এজলাসকক্ষে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন: বিএনপির নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা।শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, ১৯৯৩ সালের ২৬ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য ৪০ সদস্যের একটি গণতদন্ত কমিশন গঠন করে। ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান ওই কমিশনের সদস্য ছিলেন। ১৯৯৪ সালের ২৬ মার্চ ওই কমিশনের দেওয়া প্রতিবেদনে সাঈদী, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়। এ জন্য নিজামুল হকের অধীনে বিচার হলে বিচারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি এই ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়ার সঙ্গে থাকার অযোগ্য।এরপর সাঈদীর পক্ষে বক্তব্য উপস্থাপন করেন মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন।এসব বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। গণতদন্ত কমিশন কোনো সাংবিধানিক আদালত বা সরকারি প্রতিষ্ঠান ছিল না। ওই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিচার-প্রক্রিয়াও চলছে না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান শপথ ভঙ্গ করেননি যে তাঁর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন ধার্য করেন।