গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বাছাই কমিটির চেয়ারম্যান শামসুল বারিকে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য তাহসিনা খাতুন। গতকাল রোববার পদত্যাগের অনুরোধ জানিয়ে নিজ কর্মস্থল ময়মনসিংহ থেকে ডাকযোগে শামসুল বারিকে চিঠি পাঠান তিনি। নোবেল বিজয়ী দরিদ্র মহিলাদের ব্যাংকটির ৮৪ লাখ সদস্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শামসুল বারিকে পদত্যাগের আহ্বান জানিয়ে এই চিঠি দেন তাহসিনা খাতুন। চিঠিতে তিনি বলেন, ‘যদি এই কমিটি থেকে পদত্যাগ করেন, তা হলে আমি মনে করি আপনি গ্রামীণ ব্যাংক ও এর মহিলাদের পাশে থাকার সম্মান অর্জন করবেন।’ তাহসিনা খাতুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘৯৭ শতাংশ শেয়ারহোল্ডারের প্রতিনিধিদের মতামত উপেক্ষা করে বোর্ড চেয়ারম্যানের একতরফা সিলেকশন কমিটি আমরা মানি না। এটা করে বোর্ড চেয়ারম্যান গ্রামীণ ব্যাংকের প্রকৃত মালিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই আমরা চাই, সিলেকশন কমিটির চেয়ারম্যানও যেন পদত্যাগ করেন।’ এর আগে গত ১৮ অক্টোবর তাহসিনা খাতুন নিজেও বাছাই কমিটির সদস্য হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ২১ অক্টোবর এক চিঠিতে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান বাছাই কমিটির চেয়ারম্যান। তাহসিনা খাতুন সেই অনুরোধও প্রত্যাখ্যান করেন।