চেয়ারম্যানকে মারধর করায় সড়ক অবরোধ, ভাঙচুর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন (নালা) নির্মাণকে কেন্দ্র করে গতকাল সোমবার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকেরা সড়ক অবরোধ ও থানার সামনে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী থেকে ধর্মগঞ্জ পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলছে। পঞ্চবটী এলাকায় গফুর ম্যানশন নামে একটি ছয়তলা ভবনের সামনে ড্রেন নির্মাণ নিয়ে ভবনমালিকদের সঙ্গে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামানের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল বেলা আড়াইটায় আসাদুজ্জামান ইউপি কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বের হন। এ সময় গফুর ম্যানশনের মালিক ওলা মাসুদ, পিপল হোসেনসহ কয়েকজন মোটরসাইকেল থামিয়ে তাঁকে মারধর করেন। এরপর তিনি ফতুল্লা মডেল থানায় যান। এরই মধ্যে আসাদুজ্জামানকে মারধরের খবর পেয়ে তাঁর পক্ষের লোকজন বেলা সোয়া তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ ও ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার ও গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা গফুর ম্যানশন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এরপর তাঁরা ফতুল্লা মডেল থানার সামনে বিক্ষোভ করেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ‘আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে মঙ্গলবার (আজ) সকাল আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
পিপল হোসেন বলেন, ‘আমাদের ভবনের জায়গায় ড্রেন নির্মাণ করা হচ্ছিল। আমরা বাধা দেওয়ায় প্রথমে আমাদের মারধর করা হয়। এরপর চেয়ারম্যানের সঙ্গে আমাদের বাগ্বিতণ্ডা হলে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে চেয়ারম্যানের লোকজন ইটপাটকেল ছুড়ে আমাদের ভবন ভাঙচুর করেন।’
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, চেয়ারম্যানকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা থেকে সরে যান।