চেয়ারম্যানদের দ্বন্দ্ব, কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সামগ্রিক উন্নয়নকাজ থমকে গেছে। গত অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ১১২ মেট্রিক টন চাল ফেরত গেছে। এবারও বিপুল পরিমাণ মালামালের বিপরীতে প্রকল্প অনুমোদন না হওয়ায় আটকে আছে এসব প্রকল্পের উন্নয়ন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মেদের সঙ্গে পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন।ইউএনও সাজিয়া জামান জানান, তাঁদের দ্বন্দ্ব চলতে থাকলে উপজেলার সামগ্রিক উন্নয়নে অচলাবস্থা দেখা দেবে। সূত্র আরও জানায়, চেয়ারম্যানের বিরোধের কারণে ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতাধীন কাবিখা কর্মসূচির ১১২ মেট্রিক টন চাল ফেরত গেছে। চলতি অর্থবছরে একই কর্মসূচির ১১২ মেট্রিক টন এবং টেস্ট রিলিফের (টিআর) ১২১ মেট্রিক টন চাল, এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬০ লাখ টাকা, উপজেলা পরিষদের সরকারি বাসভবন মেরামতের জন্য ৩০ লাখ টাকার প্রকল্প সমন্বয় সভায় অনুমোদন না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। একই কারণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের দরপত্র আহ্বান আটকে আছে। সমন্বয় সভায় অনুমোদনের অভাবে উপজেলার বিভিন্ন বিভাগের উন্নয়নকাজ আলোর মুখ দেখছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান এবং সাত ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যানের অপসারণ চেয়ে গত ৬ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব দেন। আগামী ১৭ জানুয়ারি এ ব্যাপারে তদন্ত হবে। জানা গেছে, গত অক্টোবরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সাঁটমুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর এবং গাড়িচালক পদে নিয়োগ পরীক্ষা হয়। পরে ১৪ নভেম্বর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান জানান, দুটি পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সভায় দুজন ভাইস চেয়ারম্যান এবং সাতজন ইউপি চেয়ারম্যান এ নিয়োগের বিরোধিতা করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাসেম খান বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান কেবল নিজে লাভবান হওয়ার চেষ্টা করেন। আগেও তিনি অনেক অনৈতিক কাজ করেছেন। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত আমরা পরিষদের কোনো সভায় যাব না।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন দাবি করেন, ‘ইউপি চেয়ারম্যানরা অনৈতিক সুবিধা নিতে চান। আমি বিধিবহির্ভূত কোনো কাজে সহায়তা না করায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আমার কোনো অনিয়ম থাকলে তদন্তে প্রমাণিত হবে।’